প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো নোয়াখালীর সেনবাগেও ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশব্যাপী এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই বিশেষ কর্মসূচি সফল করতে সেনবাগ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও সেনবাগ পৌরসভার সহযোগিতায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে এ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের সমন্বিতভাবে সম্পৃক্ত করা হয়েছে।
সেনবাগ পৌর এলাকায় মশকনিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় পরিষ্কার এবং সাধারণ ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়নে ইউএনও এবং পৌরসভার পক্ষ থেকে প্রশাসক সরাসরি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধনের ওপর নির্ভর না করে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেনবাগের প্রতিটি ওয়ার্ডে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

