নোয়াখালীর সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-০২ সেনবাগ- সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার ভিত্তির ওপর। শিশুদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষক ও অভিভাবকদের শিশুদের প্রতিভা বিকাশে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিশুর সার্বিক বিকাশের ভিত্তি।এধরনের প্রতিযোগিতা
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং উপস্থিত শিক্ষক- অভিভাবক দের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে। একই সঙ্গে এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রফিকুল ইসলাম রবি, নোয়াখালী প্রতিনিধি:
১২

