সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এর এক মতবিনিময় সভা বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সেনবাগ উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহসিয়া তাবাসসুম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সেনবাগে কর্মরত সকল সাংবাদিককে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উপজেলার সকল প্রেসক্লাব এর সদস্যদের নিজ নিজ পেশাগত পরিচয়পত্র, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নিবন্ধনের প্রমাণপত্র আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) এর মধ্যে সাংবাদিক প্রতিনিধির নিকট অথবা তার নিকট দাখিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
তিনি আরও জানান, সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ব্যক্তিগতভাবে সেনবাগের সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে এনে একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আগ্রহী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাংবাদিক দের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে।
ইউএনও বলেন, “আপনারা যদি নিবন্ধিত কাগজপত্র জমা দেন এবং একই প্লাটফর্মে আসেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা সহজ হবে। পাশাপাশি সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রেও আরও সুবিধা সৃষ্টি হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সেনবাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং পেশাগত মানোন্নয়ন ঘটবে।

