চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রযাত্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিসিএসআইআরে- — গোলটেবিল বৈঠক

by protibimbo
0 মন্তব্য 3 বার পড়া হয়েছে

চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রযাত্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিসিএসআইআরে-গোলটেবিল বৈঠক
— আশফাকুজ্জামান

একটি দেশের উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। কিন্তু আধুনিক বিশ্বে শুধু বিদ্যুৎ থাকলেই চলে না। প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কারণ এখনকার পৃথিবী দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, রোবট, ন্যানো প্রযুক্তি, বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টরের মতো বিষয়গুলো আমাদের জীবন বদলে দিচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করতে প্রচুর বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও অনেক গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে।

এ কারণেই চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি গভীরভাবে জড়িত। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটি দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির বিকাশেও সহায়ক হবে।

এই বিষয়গুলো নিয়ে গতাকাল ৮ নভেম্বর ২০২৬, রোববার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। ‘রূপপুর ও চতুর্থ শিল্পবিপ্লব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিসিএসআইআরের সায়েন্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম স্টারটেক ট্রিবিউন। এতে দেশের বিশিষ্ট বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও প্রযুক্তিবিশেষজ্ঞরা অংশ নেন।

Banner

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

প্রধান অতিথি জনাব মো. আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে প্রযুক্তির নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এখন আমাদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে ভাবতে হবে। নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে হবে। এআই, বায়োটেকনোলজি এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশের সামনে বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এআই ব্যবহার করে ক্যানসারের ওষুধ আবিষ্কারসহ চিকিৎসাক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এসব কাজে বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একসঙ্গে কাজ করতে হবে। দেশে এআই গবেষণার জন্য বিশেষ কেন্দ্র বা হাব তৈরি করাও জরুরি।

তিনি জনশক্তি তৈরির বিষয়েও গুরুত্ব দেন। তাঁর মতে, প্রতিবছর প্রায় এক লাখ শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শেষ করছে। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে কাজে লাগাতে হবে। এজন্য শিক্ষার পাঠ্যক্রমকে সময়োপযোগী করা প্রয়োজন। নিউক্লিয়ার সায়েন্স ও প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করতে হবে। রোবটিকসসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন শাখায় প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান ন্যানো প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। ন্যানো প্রযুক্তি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে পদার্থ নিয়ে কাজ করে। এই প্রযুক্তি কৃষি, চিকিৎসা ও শিল্পসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে।

সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তফা হুসাইন। তিনি যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরেন। এই শিল্পের সঙ্গে আধুনিক কম্পিউটার, মোবাইল ফোন এবং নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্রের সম্পর্ক রয়েছে। তিনি এ খাতে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেমিকন্ডাক্টর তৈরির কারখানা বা ফ্যাব গড়ে তোলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, দেশে এআই গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি বড় শর্ত। বিদ্যুৎ না থাকলে গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটার ব্যবস্থা ঠিকভাবে চালানো সম্ভব নয়। তাই এআই গবেষণার কেন্দ্র গড়ে তুলতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান রোবট প্রযুক্তির নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। রোবট এখন শুধু কারখানায় কাজ করে না। মানুষের নাগালের বাইরের অনেক কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজেও রোবট ব্যবহার করা যায়। চিকিৎসা, শিল্পকারখানা, গবেষণা ও উদ্ধারকাজে রোবটের ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে এই প্রযুক্তির আরও বিস্তার ঘটবে। এজন্য প্রয়োজন গবেষণা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন রোবটিকস, সেমিকন্ডাক্টর, ন্যানো প্রযুক্তি ও এআই গবেষণার মধ্যে পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। তিনি বিশেষভাবে এআই গবেষণাকেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মানুষের নাগালের বাইরে যেসব কাজ করা কঠিন, সেসব ক্ষেত্রে রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

আরএনপিপি’র মানব সম্পদ বিভাগের প্রধান আলিমুজ্জামান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের সম্পর্কের বিষয়টি সামনে আনেন। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন। এআই গবেষণাগার, ডেটা সেন্টার, রোবট তৈরির কারখানা কিংবা সেমিকন্ডাক্টর শিল্প—সবকিছু চালাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। তাই রূপপুরের মতো বড় বিদ্যুৎ প্রকল্প ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রযাত্রায় সহায়ক হতে পারে।

বিজ্ঞানবিষয়ক লেখক, নির্মাতা ও বিজ্ঞান সংগঠক জনাব শাহজাহান মৃধা বেনু বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে উঠে আসে বিজ্ঞান, যুক্তি ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের কথা। তাঁর মতে, নতুন প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানভিত্তিক চিন্তা গড়ে তুলতে হবে। কেবল প্রযুক্তি আমদানি করলেই হবে না। নিজেদের জ্ঞান, যুক্তি ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে হবে।

সবশেষে সভাপতির বক্তব্যে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করেন, এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের উন্নয়নকে অনেক দূর এগিয়ে নিতে পারে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সক্ষমতা তৈরি হবে। আধুনিক শিল্প ও প্রযুক্তির বিকাশেও নতুন সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গোলটেবিল বৈঠকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। চতুর্থ শিল্পবিপ্লব নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির মানুষের কাজের ধরন বদলে দিচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প ও যোগাযোগসহ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে।

সব মিলিয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং চতুর্থ শিল্পবিপ্লবের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ যোগসূত্র। একদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যদিকে আধুনিক প্রযুক্তি। এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশও প্রযুক্তির নতুন বিশ্বে নিজের অবস্থান শক্ত করতে পারবে।

এখানেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গুরুত্ব। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটি দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে সহায়তা করতে পারে। ফলে দেশের শিল্পকারখানা, গবেষণাগার ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো উপকৃত হতে পারে।

পুরো আয়োজনটি দারুণ সৃজনশীলাতা ও নিপুণ দক্ষতায় সঞ্চালনা করেন রুশো তাহের। তিন একজন বিজ্ঞান লেখক, চিন্তক ও প্রামাণ্যচিত্র নির্মাতা। তাঁর গভীর বিজ্ঞানমনস্কতা ও চমৎকার উপস্থাপনা সবার নজর কাড়ে। জটিল বৈজ্ঞানিক বিষয়গুলোকেও তিনি অত্যন্ত সহজ ও আকর্ষণীয় করে তুলে ধরেন। তাঁর সাবলীল সঞ্চালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল।

লেখক : কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও সংগঠক

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs