দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। তিনি পত্রিকার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি দৈনিক দিন প্রতিদিন-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, প্রধান সম্পাদক এম. জি. কিবরিয়া, ব্যবস্থাপনা সম্পাদক সালেহ আহমেদ এবং বার্তা সম্পাদক আফিফা নওশীন।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিক, প্রতিনিধি, সম্পাদক, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম হামিদ, তাসলিমা আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক দিন প্রতিদিন-এর ১২তম বর্ষপূর্তি উদযাপন করা হয়

