শাহজালাল বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি, যাত্রীপ্রতি সঙ্গে যেতে পারবেন সর্বোচ্চ দুজন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বৈধ যাত্রী ছাড়া অন্য কেউ অবাধে প্রবেশ করতে পারবেন না। তবে প্রয়োজনীয় পরিচয় ও ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাই সাপেক্ষে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন দর্শনার্থী প্রবেশের সুযোগ পেতে পারেন।
বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় দেশের বিমান নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন সুপারিশ ও করণীয় নির্ধারণ করা হয়।
বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বিমানবন্দরের প্রবেশপথে দায়িত্বরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে যাত্রী এবং দর্শনার্থীদের পরিচয় ও ভ্রমণসংক্রান্ত তথ্য যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নিরাপত্তা তল্লাশি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিমানবন্দরের প্রবেশপথে স্থাপিত আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেমের মধ্যে দীর্ঘদিন অচল থাকা দুটি স্ক্যানার দ্রুত মেরামত বা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সচল না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে যানবাহন তল্লাশি চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।
এ ছাড়া ভিআইপি ও সিআইপি লাউঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক জট ও অনিয়ন্ত্রিত লোকসমাগম নিয়ন্ত্রণ, অবৈধ লাগেজ র্যাপিং কার্যক্রম বন্ধ এবং বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিরাপত্তা নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন সংস্থার সমন্বয় আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

