নোয়াখালীর সোনাইমুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার দুপুরে আব্দুল মান্নান ও তার ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাব্বির আহমদ চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।
পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না।
সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, “গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই
চট্রগ্রাম বিভাগীয় প্রতিনিধি:
16

