রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে ২০২২ সালে শুরু হয় ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ। তবে দীর্ঘ সময় ধরে চলমান এই প্রকল্পের কারণে আশুলিয়া–আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। কোথাও খানাখন্দ, কোথাও ধুলাবালির কারণে দৃষ্টিসীমা কমে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও পরিবহন চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও অনেক স্থানে ধীরগতিতে কাজ এগোচ্ছে। এতে প্রতিদিন মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং যাতায়াত ব্যয়ও বাড়ছে। বিশেষ করে অফিস শুরুর ও ছুটির সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারীরা জানান, উন্নয়ন প্রকল্পের সুফল সবাই প্রত্যাশা করেন। তবে নির্মাণকাজের সময় বিকল্প ব্যবস্থা, নিয়মিত সড়ক মেরামত, ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো এবং দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নিলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নির্মাণকাজ সম্পন্নের পাশাপাশি জনদুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

