আত্মমর্যাদার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য বার পড়া হয়েছে

আত্মমর্যাদার সঙ্গে সব নাগরিকের জন্য সরকারি সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি।
শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর পরিদর্শন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।
প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের আপামর জনতা আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযোদ্ধাদের সেই ত্যাগ ও অর্জন জাতির জন্য চিরস্মরণীয়।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ছিল দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে এক ঐতিহাসিক গণজাগরণ। দীর্ঘ ১৭ বছরে বিগত আওয়ামী লীগ সরকার জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে এবং দেশের বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করেছে।”
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা যাতে কোনোভাবেই হারিয়ে না যায়, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারসহ জনকল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ রহমান, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ দিদার ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরাদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চাটখিল উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs