নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন রাজু। তিনি জানান, সোমবার দুপুরে হাতিয়া উপজেলার চরমজিদ ভূঞারহাট বাজারে অভিযান চালিয়ে চোরাই কাপড়গুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কলম্বিয়া ত্র্যাপারেলস লিমিটেড আমদানি করা ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের বান্ডিল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে তোলা হয়। পরে গাজীপুর চৌরাস্তায় নেওয়ার উদ্দেশ্যে কাপড়বোঝাই গাড়িটি হালিশহরের আব্বাস পাড়ার টোল এলাকার চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়।
পরদিন ২৫ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে চালকের সহায়তায় কাভার্ড ভ্যানটি ছিনতাই করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ২৭ এপ্রিল চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে চট্টগ্রাম ডিবি পুলিশের একটি দল নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই কাপড়সহ আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এসআই মহিউদ্দিন রাজু জানান, উদ্ধার হওয়া কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এর মধ্যে হাতিয়ার হরণী ইউনিয়ন থেকে ৬৭টি এবং চরমজিদ ভূঞারহাট বাজার থেকে ৯৬টি কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আবুল বাশারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
হাতিয়া ও সুবর্ণচর থেকে ৬০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
২১

