ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা ভোক্তা অধিদপ্তরে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে সিসিএস-এর মানববন্ধন:
ভোক্তা অধিকার সুরক্ষায় নোয়াখালী জেলায় নিয়মিত কর্মকতা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নোয়াখালী জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিসিএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ-এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফোরকানুল আলম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক খালেদ, সঞ্চালনায় মাসুদ পারভেজ, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেয় উক্ত পোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম রবি, লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সহেল, আবু আবদুল্লাহ জিহান, মোবারক হোসেন রুবেল, হারুনুর রশিদ, মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। সিসিএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদ বলেন বাজারে তদারকি অভিযান নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে নোয়াখালী জেলায় ভোক্তা অধিকারের নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগ প্রদান করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন নোয়াখালীতে নিয়মিত কর্মকর্তা না থাকার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে বাজার সিন্ডিকেট। এতে ভোক্তাদের স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা যাচ্ছে না।
লক্ষীপুর জেলার কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল বলেন নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায় ভেজাল পণ্যের অবাধ বিস্তার এবং অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতির কারনে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। কার্যকর নজরদারি না থাকায় এসব অনিয়ম দিন দিন বাড়ছে। জনস্বার্থ রক্ষায় নোয়াখালীতে দ্রুত একজন স্থায়ী ভোক্তা অধিকার পরিচালক নিয়োগ এখন সময়ের দাবি। এতে বাজারে সৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে নোয়াখালী জেলা ভোক্তা অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং অভিযোগ গ্রহণ ও শুনানী আরো কার্যকর করার দাবীতে ভোক্তা অধিদপ্তর নোয়াখালীতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানান। বক্তারা বলেন নিয়মিত তদারকি ও অভিযান এর অভাবে অসাধু ব্যবসায়ী ও অবৈধ সিন্ডিকেটের দৌরাত্ম দিনদিন বেড়ে চলেছে যাতে ভোক্তাদের অধিকার মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভোক্তারা মানববন্ধনে বাণিজ্য মন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর দাবি জানান। মানববন্ধন শেষে সিসিএস পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে একই দাবিতে মাননীয় বাণিজ্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

