বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ

মোহাম্মদ মাসুদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি:

by protibimbo
0 মন্তব্য 36 বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকদের সম্মানী ভাতা প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকার ও সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ। বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের দায়িত্বসহ শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; তাদের সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সভাপতির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চার আহ্বান জানান। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মাননা হিসেবে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত পুরো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’।

আরও পড়ুন

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs