শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

by protibimbo
0 মন্তব্য 5 বার পড়া হয়েছে

অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রথম আলোকে সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিং করতে বগুড়ায় গিয়েছিলেন এই অভিনেতা।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপনচিত্র থেকে ‘৪২০’

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।

একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তাঁর কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাঁকে দেখা যায় বাবার ভূমিকায়।

বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা: দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে।

ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়তে চেয়েছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs