চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে খবরটি মিথ্যা বলে জানিয়েছে তাঁর পরিবার। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। আজ বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে মিথ্যা মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘“সবার আগে সংবাদ” দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একটি সংবাদ দ্রুত প্রকাশ করার চেয়ে সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব প্রথম কোথা থেকে ছড়িয়েছে, তা শনাক্ত করে তদন্তের দাবি জানিয়েছে নিসচা। অপরাধের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশবাসী ও ইলিয়াস কাঞ্চনের শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

