রাজধানীর উত্তরায় মুগ্ধ মঞ্চে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর-এর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর-এর আমির মোঃ সেলিম উদ্দীন বলেন, মাদকাসক্তি বর্তমানে একটি সামাজিক ব্যাধি এবং জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু একটি পরিবার নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ফলে জাতির ভবিষ্যৎ ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কেবল বক্তব্য বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ লক্ষ্যে বাস্তবমুখী, কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
জাতীয় সংসদের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত সংসদে পারস্পরিক দোষারোপ কিংবা অতীত নিয়ে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে অপরাধ দমন, জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন, দেশ গঠন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও বলেন, সরকারদলীয় কিছু সংসদ সদস্যের বক্তব্যে জনগণের প্রতি জবাবদিহিতার প্রতিফলন দেখা যায় না। অতীতে ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারও এ বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সংকট। এর বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব সংগঠক, ক্রীড়াবিদ, সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
“মুগ্ধ মঞ্চে” মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় মূল্যবোধ ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ
মো. জহিরুল ইসলাম হামিদ, বিশেষ প্রতিবেদক:
৮

