অবশেষে দীর্ঘ কয়েক বছর পর ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে একজন পুরুষ কর্মকর্তা যোগদান করছেন। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন মোহাম্মদ কাউছার হামিদ।
ফুলগাজী উপজেলায় নতুন ইউএনও পদায়নের বিষয়টি নিশ্চিত করে ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক বলেন, “ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তিনি দ্রুত যোগদান করবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ কাউসার হামিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। এর আগে ফুলগাজী উপজেলায় টানা কয়েকজন নারী কর্মকর্তা অত্যন্ত সুনামের সাথে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর একজন পুরুষ কর্মকর্তা নতুন ইউএনও হিসেবে আসায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ কাউসার হামিদ ফুলগাজী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে নতুন ইউএনও পদায়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফুলগাজী উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। উপজেলার সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন, নতুন কর্মকর্তার দূরদর্শী নেতৃত্বে ফুলগাজী উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

