জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সিজিএ নাইট ২০২৬’
রাজধানীর মিরপুরের পল্লবীর বাফেট লাউঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সিজিএ নাইট ২০২৬’। শনিবার দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (সিজিএ বাংলাদেশ) আয়োজিত এ অনুষ্ঠানে পেশাজীবী সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।বাংলাদেশের অর্থনীতি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটির প্রিন্সিপাল মিসেস আমেনা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএ বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হারুনুর রশিদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ ও নৈতিক হিসাববিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের পেশাগত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি সরকারি হিসাব ও আয়কর ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ খাতে পেশাদার হিসাববিদদের দক্ষতা কাজে লাগাতে সরকারি চাকরিতে হিসাববিদদের জন্য পৃথক বিসিএস ক্যাডার চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সিএ, আইসিএমএ ও সিজিএসহ সব পেশাজীবী হিসাববিদকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মিসেস আমেনা বেগম সিজিএ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় উন্নয়নের স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে হিসাববিজ্ঞান পেশায় দ্রুত পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের যুগে পেশাজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার মান আরও উন্নত করা সময়ের দাবি। তিনি বলেন, সিজিএ বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন ও নৈতিক হিসাববিদ তৈরির মাধ্যমে দেশের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় তিনি প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ড. সালেহ আহমেদ ভূঁইয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ফেলো, অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ উপলক্ষে পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
এ ছাড়া অনুষ্ঠানে জহিরুল ইসলাম, শেখ মনোয়ার হোসেন, হারুন অর রশিদ, ওমর ফারুক রিপন, মো. নুরুজ্জামান ও সোলায়মানসহ সিজিএর বিভিন্ন সদস্য বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লব কুমার।
পরে সদস্যদের সম্মানে নৈশভোজ, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘সিজিএ নাইট ২০২৬’-এর সমাপ্তি হয়। অনুষ্ঠানের শেষে সিজিএ বাংলাদেশের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সদস্য, আমন্ত্রিত অতিথি, পৃষ্ঠপোষক, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়।

