সার্ক সাহিত্য সম্মেলনে যোগ দিচ্ছেন চাঁদপুরের চার লেখক।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য সার্ক সাহিত্য সম্মেলন-২০২৬ এ যোগ দিতে যাচ্ছেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালকসহ চার লেখক। আগামী ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ছয় দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ থেকে মোট ১৪ জন কবি-লেখক অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের কবি-সাহিত্যিকরা অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনে অংশ নিতে যাওয়া চাঁদপুরের চার লেখক হলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান, কবি-লেখক নুরুন্নাহার মুন্নি এবং কবি-সংগঠক ম নূরে আলম পাটওয়ারী।


