বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা: একদিন আমি- কোনোদিন কেউ

কবিতা

by protibimbo
০ মন্তব্য ৫৩৯ বার পড়া হয়েছে

একদিন আমি- কোনোদিন কেউ
রেজাউদ্দিন স্টালিন

কোনোদিন কেউ হেরে যায় আর
কোনোদিন যায় জিতে,
একদিন আমি হেরে যাই খুব
শুয়ে থাকি অগ্নিতে।

কোনোদিন কেউ কুম্ভকর্ণ
কোনোদিন কেউ জেগে,
একদিন আমি বিনিদ্র থাকি
অতৃপ্ত উদ্বেগে।

কোনোদিন কেউ মরে যায় আর
কোনোদিন বেঁচে ওঠে,
একদিন আমি বেঁচে থাকি আর
মরে যাই সংকটে।

Banner

কোনোদিন কেউ নিরুদ্দিষ্ট
একদিন ফিরে আসে,
কোনোদিন আমি সন্তর্পণে
মুখ ঢাকি সন্ত্রাসে।

কোনোদিন কেউ ভেঙে ফেলে ঘর
এলোমেলো পায়ে ফিরি,
একদিন আমি অনুশোচনায়
অনন্ত হারিকিরি।

কোনোদিন কেউ ডিডেলাস হয়
কেউ হয় ইকারুস,
একদিন আমি কিং সোলোমন
একদিন ইউনুস।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs