মুক্ত পাঠাগার কর্তৃক আয়োজিত ‘আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর প্রথম পর্ব সম্পন্ন, বিজয়ী ৮ দল দ্বিতীয় পর্বে উত্তীর্ণ
চিন্তা শুধু একটি প্রতিযোগিতার নাম নয়; এটি এক নতুন প্রজন্মের যুক্তি, নৈতিকতা ও সচেতনতার পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। শিক্ষাঙ্গন আজ আর শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; সমাজ, রাষ্ট্র ও মানবিক মূল্যবোধের প্রতিফলনও শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। এই উপলব্ধিকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে সুরুজ মিয়া ফাউন্ডেশন-এর পৃষ্ঠপোষকতায় এবং মুক্ত পাঠাগার-এর আয়োজনে শুরু হয়েছে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান “চিন্তা” বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
আজ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের আলোচ্য বিষয় ছিল- “শিক্ষাঙ্গনে রাজনৈতিক চর্চা নিষিদ্ধ নয়, বরং সংস্কার প্রয়োজন।” সময়োপযোগী এই বিষয়কে কেন্দ্র করে অংশগ্রহণকারী দলগুলো তাদের যুক্তির ধারালো প্রহরে তুলে ধরে বাস্তবতা, সম্ভাবনা এবং প্রয়োজনীয় সংস্কারের দিকগুলো। শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তিতর্ক, শালীন বক্তব্য ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এতে প্রমাণিত হয়, তাদের চিন্তার জগৎ গভীর এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তারা যথেষ্ট সম্ভাবনাময়। প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে মোট ৮টি দল বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বেগমগঞ্জ সোশ্যাল এলায়েনমেন্ট ফেডারেশন-এর সভাপতি এস. এম. সাহাব উদ্দিন, কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি এ. কে. এম. সামছুজ্জামান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগীয় প্রধান মোহাম্মদ মমিন উল্যাহ। প্রতিযোগিতার উদ্বোধন করেন সুরুজ মিয়া ফাউন্ডেশন-এর পরিচালক ও এম. এ. হাসেম কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. আবদুল মালেক। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন শিক্ষাঙ্গনের জন্য সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এই আয়োজন বাস্তবায়নে আমাদের সহযোগী হিসেবে যুক্ত আছে নোয়াখালী ডিবেটিং সোসাইটি, জমিদারহাট আইডিয়াল টেকনিক্যাল ইন্সটিটিউট, নোয়াখালী জেনারেল ব্লাড ফাউন্ডেশন ও SkillHut. ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত আছেন ষোলো। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছেন Asia Post, দৈনিক নোয়াখালীর কথা, Tha Daily Campus, ফেস দ্যা পিপল। ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত আছেন রঙধনু ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফুড পার্টনার হিসেবে যুক্ত আছেন ফ্যামিলি পার্ক রেস্টুরেন্ট.
আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতা শুধুই বক্তব্যের লড়াই নয়; এটি মানবিকতা, নেতৃত্ব এবং সামাজিক সচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম। “চিন্তা” বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের সফলতা নতুন আশার বার্তা দেয়; যেখানে আগামী প্রজন্ম সত্যকে চিনতে শিখবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে শিখবে এবং সমাজ পরিবর্তনের সাহস অর্জন করবে। আয়োজকরা আগামী পর্বগুলোতেও সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

