নোয়াখালীর বেগমগঞ্জে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘মুক্ত পাঠাগার’-এর উদ্যোগে র্যালি, পথনাটক এবং বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বেগমগঞ্জের আলাইয়ারপুর, কাজিরহাট মুক্ত পাঠাগার এর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় নোয়াখালীর মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্য থেকে মোট ২০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠাগারের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ‘মুক্ত পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা আবদুল্যাহ ইবনে সাজিদ (তাহমিদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মমিন উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ফারুক আল ফয়সাল, এম এ হাসেম কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল মালেক, লেখক ও ব্যাংকার কামরুজ্জামান মোহন, শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক জাকের হোসেন শিপন এবং ইত্যাদি সংস্থার স্থায়ী পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরবর্তীতে শ্রমিক দিবসের প্রতিপাদ্যের ওপর সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আবদুল্যাহ ইবনে সাজিদ (তাহমিদ) অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে সৃজনশীল ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে ‘মুক্ত পাঠাগার’ তাদের এই ধরণের শিক্ষা ও সংস্কৃতিবান্ধব কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখবে।

