রাজধানীর গুলশান লেকের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। এ সময় তিনি লেককে দূষণমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী রাজধানীর কালাচাঁদপুর এলাকায় গুলশান লেক পরিদর্শন করেন। পরে তিনি গুলশান-২-এর ১৮ নম্বর সড়কসংলগ্ন লেক এলাকাও ঘুরে দেখেন। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ ছাড়া রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন এবং লেকের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে মহাখালীস্থ রাজউকের ইউআরপি ভবন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি নাগরিকসেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

