ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন হুমায়ুন কবির

by protibimbo
0 মন্তব্য 6 বার পড়া হয়েছে

কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জন্য সফরকালে তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধিমালা, ১৯৯৬-এর ৪(৩) বিধি অনুযায়ী হুমায়ুন কবিরকে মন্ত্রীর পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং ওই সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে এ বছরের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্মেলনে অংশ নিতে না পারায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির।

Banner

সাম্প্রতিক অতীতেও সরকারপ্রধানের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার নজির রয়েছে। ২০২৪ সালের ২১ থেকে ২৬ অক্টোবর সামোয়ার আপিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সে সময় তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেবেন না। তাঁর পরিবর্তে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

কেন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার মধ্যরাতের পর চার দিনের সফরে জাপানের উদ্দেশে রওনা হবেন। ২৬ থেকে ২৯ অক্টোবরের এ সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

জাপান সফর শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই শুরু হবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক। এ ছাড়া নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তুরস্কে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ কারণে তার পক্ষেও কমনওয়েলথ সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs