৪৪তম বিসিএসের গেজেট, বাদ পড়লেন ১৮৬ প্রার্থী

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট থেকে বাদ পড়েছেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ চাকরিপ্রার্থী। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৪তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২১–এর মাধ্যমে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে অন্যতম হলো—

ক.

তাঁকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

খ.

উক্ত বনিয়াদি প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে;

গ.

তাঁকে ২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে;

ঘ.

উপানুচ্ছেদ (ক) ও (খ)–এ উল্লিখিত প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সমাপন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাঁকে চাকরিতে স্থায়ী করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ২৪৪ জন, সহকারী সচিব হিসেবে ৯ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে ৪৮ জন, সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ড্যান্ট/ব্যাটালিয়ন উপ-অধিনায়ক হিসেবে ১৩ জন, সহকারী মহাহিসাব নিয়ন্ত্রক হিসেবে ২৯ জন, সহকারী কর কমিশনার হিসেবে ১১ জন, সহকারী রেজিস্ট্রার হিসেবে সাতজন, ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে সাতজন, সহকারী পরিচালক/তথ্য কর্মকর্তা/গবেষণা কর্মকর্তা বা সমমানের পদে একজন, সহকারী পরিচালক (প্রোগ্রাম) হিসেবে ছয়জন, সহকারী নিউজ কন্ট্রোলার হিসেবে একজন, সহকারী পোস্টমাস্টার জেনারেল হিসেবে ১৮ জন, সহকারী কন্ট্রোলার হিসেবে ছয়জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২৩ জন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে তিনজন, সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে একজন, বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগে ১৮ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।

৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে ব্যর্থ হলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

গত বছরের ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে এই বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন প্রার্থী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।’

রিপিট ক্যাডার ইস্যুতে তিনবার প্রকাশ করা হয় ৪৪তম বিসিএসের ফলাফল। ২০২৫ সালের ৩০ জুন প্রথম দফায়, ৬ নভেম্বর ২০২৫ দ্বিতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ‘চূড়ান্ত’ ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপর তৃতীয় দফায় ১১ নভেম্বর ২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রথম দফায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। দ্বিতীয় দফায় সুপারিশ করা হয় ১ হাজার ৬৮১ জনকে। দ্বিতীয় দফায় বাদ পড়েন ৯ জন। তৃতীয় দফায় ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। সেবার বাদ পড়েন ৫ জন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs