যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাঁচটি দেশের নাম নতুন করে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এসব দেশ ও ভূখণ্ডের নাগরিকেরা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন নাম যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। মূলত অভিবাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ তালিকা আরও বড় করেছে।
ফিলিস্তিন ছাড়াও তালিকায় থাকা নতুন পাঁচটি দেশ হলো—সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদান। এর আগে গত জুনে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো—ইরান, আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখনো স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। তাই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সরাসরি ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলা হয়নি। এমনকি ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড’ বলতে নারাজ ট্রাম্প প্রশাসন। নথিতে ফিলিস্তিনিদের ‘পিএ বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি নিয়ে ভ্রমণের চেষ্টাকারী ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

