ভারতে ‘মারাত্মক নিরাপত্তাঝুঁকি’ দেখছে বিসিবি, আইসিসির চোখে ঝুঁকি ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের

by protibimbo
০ মন্তব্য ১০৮ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বার্তা আদান-প্রদান হচ্ছে কয়েক দিন ধরেই, চালাচালি হচ্ছে ইমেইল। সব যোগাযোগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বলে আসছে, নিরাপত্তার কারণে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ। ওদিকে আইসিসিও বিসিবিকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে এসে ভেন্যু পরিবর্তন প্রায় অসম্ভব। ভারতের নিরাপত্তা নিয়ে বিসিবি যতটা শঙ্কা প্রকাশ করছে, ততটা শঙ্কিত হওয়ার কারণ নেই বলেও দাবি তাদের।

এই ধারাবাহিকতায় গতকাল দুপুরে বাংলাদেশের ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়া নিয়ে প্রথম ভার্চ্যুয়াল সভা করেন বিসিবি ও আইসিসি কর্মকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া সভায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে তাদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আইসিসির সব যুক্তি উড়িয়ে দিয়ে বিসিবি বলেছে, নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না, এটা সরকারের সিদ্ধান্ত। এ ব্যাপারে দ্বিতীয় চিন্তার সুযোগ নেই। বিসিবি অনুরোধ জানিয়েছে, কলকাতা ও মুম্বাই থেকে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়। বিসিবি আশাবাদী, আইসিসি শেষ পর্যন্ত তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে।

আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে মিরপুরের ক্রিকেট বোর্ড কার্যালয়ে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অনড় আছি। এই অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। তারা (আইসিসি) বিকল্পও ভাবছে। আলোচনার পথ খোলা আছে। মাত্র তো কথা শুরু হলো, আমরা আশাবাদী।’ পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, টুর্নামেন্টের সূচি এরই মধ্যে ঘোষিত হয়ে যাওয়ায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে আইসিসি।

তবে বিসিবি অবস্থান বদলায়নি। সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। একটি সূত্র অবশ্য জানিয়েছে, কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বিসিবি-আইসিসি বার্তা আদান-প্রদানের বিষয়টি বাইরে চলে আসায় সভায় অসন্তোষও প্রকাশ করেছে আইসিসি।

Banner

ভিডিও কনফারেন্সে বিসিবির পক্ষে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, দুই সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। অন্যদিকে আইসিসিকে নেতৃত্ব দেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা। চার সদস্যের প্রতিনিধিদলে তাঁর সঙ্গে ছিলেন আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা।

বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সে দুই পক্ষে ভালো যুক্তিতর্ক হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। সভায় বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে জানতে চাওয়া হয়, যেখানে তাদের দেওয়া ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টেই’ বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতে গেলে মোস্তাফিজুর রহমানকে ঘিরে নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা আছে, বাংলাদেশের জার্সি পরে বের হওয়া দর্শকদেরও বিপদের কারণ হতে পারে, সেখানে আইসিসি কীভাবে বিসিবিকে ভারতে দল পাঠাতে বলে?

জবাবে আইসিসি বলেছে, ভারতে যেটুকু নিরাপত্তাশঙ্কা আছে, সেটি ‘লো মডারেট’ বা ‘নিম্ন মাঝারি’ পর্যায়ের। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে এটি কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু বিসিবি প্রশ্ন তোলে—ভারতে খেলতে গেলে বাংলাদেশ দলের পাশাপাশি বোর্ড কর্মকর্তা, সাংবাদিকেরাও সেখানে যাবেন। তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে?

ভারতে খেলতে না চাইলেও বাংলাদেশ যে অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায়, সভায় সেটি জোর দিয়ে বলেছেন বিসিবি কর্মকর্তারা। অতীতের উদাহরণ টেনে তাঁরা বলেন, বিভিন্ন সময়ে অন্য অনেক দেশই নিরাপত্তার কারণে অনেক দেশে খেলতে যায়নি। কিন্তু বাংলাদেশ দল কোনো দেশে খেলতে যেতে চায়নি, এমন দৃষ্টান্ত নেই। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ খেলার পক্ষে। এই প্রথম তারা কোনো দেশে খেলতে যেতে চাইছে না এবং সেটি ভারতে ‘মারাত্মক নিরাপত্তাঝুঁকি’ থাকার কারণেই। আইসিসি যেন তা বিবেচনা করে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs