ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইসির ব্যাখ্যা চাইল বিএনপি

by protibimbo
০ মন্তব্য ৯৮ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন- সেই ব্যবস্থা নেওয়া উচিত।
এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।
পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই নেতা।
সালাহউদ্দিন বলেন, অনেক কিছু অনিয়ম হয়েছে। যে ভুল-ভ্রান্তি হচ্ছে সেখানে আমরা ভুক্তভোগী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করা হচ্ছে, এটা প্রমাণিত। এ জন্য ইসির ব্যাখ্যা চেয়েছি।
এর আগে দুপুর পৌনে ১টায় বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।
আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।
এর আগে গতকাল (বুধবার) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এ অবস্থায় এখনো পাঠানো হয়নি এমন ব্যালট পেপার সংশোধনের দাবি জানায় বিএনপি।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs