একটি সাইবার হামলায় ফাঁস হয়েছে অস্ট্রেলিয়ার ইসরায়েলি অস্ত্র কোম্পানির সঙ্গে ৭ বিলিয়ন ডলারের সামরিক চুক্তির গোপন নথি ও ব্লুপ্রিন্ট।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনপন্থী হ্যাকিং গ্রুপ ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’ (Cyber Support Front বা আল-জাবহা আল-ইসনাদ আল-সিবরানিয়াহ) ইসরায়েলি সামরিক শিল্পে ব্যাপক সাইবার হামলা চালায়। এ হামলায় অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর জন্য ক্রয় করা ‘রেডব্যাক ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল’-এর (Redback Infantry Fighting Vehicle) গোপন ৩ডি ব্লুপ্রিন্ট ও কারিগরি তথ্য ফাঁস হয়ে যায়।
এই সাঁজোয়া যানগুলো অস্ট্রেলিয়া ৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমস (Elbit Systems) থেকে ক্রয় করছে।
হ্যাকিংয়ের মাধ্যমে শুধু রেডব্যাক যানগুলোর গোপন নকশাই নয়, আরও কিছু নথি প্রকাশ পেয়েছে—যেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী একই ইসরায়েলি কোম্পানি থেকে স্পাইক এনএলওএস (Spike NLOS) অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার কথাও বিবেচনা করছিল।
অস্ট্রেলিয়ায় সমালোচনার ঝড়
গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই এলবিট সিস্টেমসের সঙ্গে অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা হচ্ছিল।
তবুও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী একাধিকবার এই সহযোগিতার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন—
ইসরায়েলের অস্বীকার
এদিকে ইসরায়েলি পক্ষ দাবি করেছে, এই সাইবার হামলায় “বড় ধরনের গোপন তথ্য ফাঁস হয়নি”। তাদের বক্তব্য অনুযায়ী, হ্যাক হওয়া কোম্পানিটি কেবলমাত্র প্রদর্শনী ও বিপণনের জন্য প্রোটোটাইপ তৈরি করত, তাই সামরিক গোপনীয়তা ঝুঁকিতে নেই।
তবে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের রিপোর্ট বলছে, প্রকাশিত ফাইলগুলোতে অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য ও সামরিক প্রযুক্তির নকশা রয়েছে, যা এখন অনলাইনে ছড়িয়ে পড়ছে।

