আদরের সন্তানকে ভালোবাসার পাশাপাশি সময় দিন, যত্ন নিন — গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

by protibimbo
0 মন্তব্য 4 বার পড়া হয়েছে

আদরের সন্তানকে ভালোবাসার পাশাপাশি সময় দিন, যত্ন নিন
— গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

আমাদের আদরের প্রিয় সন্তানকে প্রয়োজনীয় সবকিছু দিতে চাই, কিন্তু তার জন্য প্রয়োজনীয় সময় দিতে চাই না। তার উন্নত ভবিষ্যৎ ও পড়ালেখা নিয়ে চিন্তা করি, কিন্তু চরিত্র নিয়ে যথেষ্ট ভাবি না। তার হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিই, কিন্তু সেই প্রযুক্তি তার চিন্তা ও জীবনকে কোথায় নিয়ে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করি না।

প্রযুক্তির যুগে সন্তানের নতুন সংকট : বর্তমান সময়ে সম্মান নষ্ট হওয়ার পেছনে মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে।
মোবাইল ব্যবহার কোনো অপরাধ নয়; এটি জ্ঞান, যোগাযোগ ও প্রয়োজনীয় কাজের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহার এটিকে উপকারের মাধ্যম থেকে ক্ষতির কারণেও পরিণত করতে পারে। একটি শিশু যখন দীর্ঘ সময় মোবাইলে ডুবে থাকে, তখন তার মূল্যবান সময়, মনোযোগ ও চিন্তার বড় অংশ ভার্চুয়াল জগতে বন্দি হয়ে যায়। অশালীনতা, অশ্লীলতা, সহিংসতা, অশোভন ভাষা, অনৈতিক জীবনধারা ও নানা ধরনের ক্ষতিকর কনটেন্ট তার কোমল মনে ছাপ ফেলতে পারে, যা পরে মুছে ফেলা কঠিন হয়ে পড়ে।
ভালোবাসা যখন প্রশ্রয়ে পরিণত হয় : সন্তানের প্রতি বাবা-মার ভালোবাসা তার স্বাভাবিক অধিকার। কিন্তু ভালোবাসার অর্থ সন্তানের প্রতিটি ইচ্ছা পূরণ করা নয়; তার প্রতিটি ভুলকে ক্ষমা করে দেওয়া নয়। অন্যায় করলেও তাকে আড়াল করা নয়। প্রকৃত ভালোবাসা হলো, যেখানে প্রয়োজন সেখানে কোমল হওয়া, আবার যেখানে সংশোধন প্রয়োজন, সেখানে দৃঢ় হওয়া। বিশেষ করে মা-বাবার মধ্যে শাসন ও সংশোধনের ক্ষেত্রে সমন্বয়ের অভাব সন্তানের চরিত্র গঠনে বড় বাধা সৃষ্টি করতে পারে। বাবা কোনো ভুলের কারণে সন্তানকে শাসন করলেন, আর মা যদি সঙ্গে সঙ্গে তার পক্ষ নিয়ে শাসনকে দুর্বল করে দেন, তাহলে সন্তান ধীরে ধীরে বুঝতে শেখে ভুলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কার কাছে গিয়ে আশ্রয় নেওয়া যায়। অমানবিক কঠোরতা যেমন ইসলামি পদ্ধতি নয়, তেমনি অন্যায়কে প্রশ্রয় দেওয়াও ইসলামে জায়েজ নয়। মা-বাবার লক্ষ্য হতে হবে, সন্তানের সংশোধন ও কল্যাণ। স্বাধীনতা দিতে হবে কিন্তু লাগামহীনভাবে নয়। প্রযুক্তি দিতে হবে, কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে নয়। সর্বোপরি তাকে দিতে হবে সময়, সঙ্গ ও আদর্শ এবং সম্পর্ক। সন্তান একদিনে নষ্ট হয় না; প্রতিদিনের ছোট ছোট অবহেলা, ভুল সিদ্ধান্ত ও অসচেতনতার মধ্য দিয়েই তার ভিত দুর্বল হয়। একইভাবে প্রতিদিনের ভালোবাসা, শাসন, শিক্ষা ও আদর্শের মাধ্যমেই গড়ে ওঠে একজন ভালো সন্তান, সুন্দর মানুষ। দেশ ও সমাজের প্রতিটা সন্তান বেড়ে উঠুক সুস্থ, সুন্দর, মেধা ও মননে, আদর্শবান ভালো মানুষ হিসেবে, এটা প্রতিটা মা- বাবার আদর ও সোহাগের পাশাপাশি দেখভাল করাও দায়িত্ব।

লেখক: গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক, ধর্ম ও সমাজ সচেতন লেখক, চেয়ারম্যান- গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।

Banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs