রাজধানীর মিরপুর ১১ এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের পর ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক মিরপুর বিভাগ। এ সময় ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টা ২৬ মিনিটে মিরপুর-১১ এলাকার বনলতা সুইটসের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, মো. সাইফুল ইসলামের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট মো. বাদল তালুকদার ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তির নাম লিমন। তার পিতার নাম মো. জামাল হোসেন। তিনি বি-ব্লক, কনসালক্যাম্প বস্তির বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান চলাকালে ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার, দায়িত্বরত ট্রাফিক সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতেও তারা নিয়মিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

