নোয়াখালীর “উপজেলা প্রেসক্লাব সেনবাগ”-এর দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে দৈনিক মানবজমিন সেনবাগ প্রতিনিধি মো. নিজাম উদ্দিন খোন্দকার এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক প্রতিবিম্ব এবং দ্য হলিডে পোস্ট)-এর প্রতিনিধি আলাউদ্দিন আলো বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাব উদ্দিন ও মো. মনোয়ারুল হক।
”সবাই প্রার্থী, সবাই ভোটার” পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে ক্লাবের মোট ২১ জন সদস্যের মধ্যে ২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সর্বমোট ৯৯ শতাংশ ভোট কাস্ট হয় (দুটি ভোট বাতিল হয়)। গণনা শেষে সভাপতি পদে মো. নিজাম উদ্দিন খোন্দকার ১৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আলো ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রেসক্লাব সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ, পেশাগত মানোন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সেনবাগের জনস্বার্থ ও সম্ভাবনা তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

