আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি কে টমাস

by protibimbo
0 মন্তব্য 6 বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে রংপুরের আবু সাঈদ, নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। এসব হত্যাকাণ্ডের জন্য তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তার এ বক্তব্য নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের অস্বস্তিতে ফেলেছে।

 

নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি টমাস। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জুলাই অভ্যুত্থান, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দূর করার ওপর গুরুত্ব দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

 

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবে, ওই বছরের গ্রীষ্মে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। একই সময়ে সহিংসতার শিকার হন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন।

 

তিনি বলেন, নিহতের হিসাবের প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ রয়েছেন। রংপুরে ছাত্র আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছরের একটি শিশু নিহত হয়। এসব মানুষের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।

 

বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্রে জনগণের রায় পাওয়া সরকার যেমন প্রয়োজন, তেমনি শক্তিশালী বিরোধী দলও প্রয়োজন, যারা সরকারকে প্রশ্ন করবে এবং জবাবদিহির আওতায় আনবে।

তিনি আরও বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ফল নিয়ে যার যা-ই মত থাকুক, ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি দেওয়া উচিত।

দেশের রাজনৈতিক বিভাজন প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিএনপি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিভাজন রয়েছে। সরকার ও সংসদে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামীর সঙ্গেও রাজনৈতিক দূরত্ব রয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলাতন্ত্র এবং নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে চাওয়া তরুণ প্রজন্মের মধ্যেও বিভাজন রয়েছে। পুরোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্বেষ থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নতুন সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন হ্যারি টমাস। হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, বিরোধী হিসেবে বিবেচিত ব্যক্তিদের যথেচ্ছ আটক এবং মানবাধিকার সুরক্ষার দুর্বলতা রাজনৈতিক দমন-পীড়নের চক্র অব্যাহত রাখছে। ২০২৪ সালে নিহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার করতে হবে। অভিযোগ ছাড়াই কাউকে আটকে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

 

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মূল্যস্ফীতি, দারিদ্র্য, ব্যাংক খাতের চাপ এবং রাজস্ব আদায়ের দুর্বলতা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য। এই বাড়তি সময় কাজে লাগিয়ে অর্থনৈতিক সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে হবে।

 

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র কখনো বাংলাদেশ থেকে সরে যায়নি। রোহিঙ্গা সহায়তা ও স্বাস্থ্য খাতে মার্কিন সহযোগিতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগের সুযোগও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, ঢাকা কৌশলগত ভারসাম্য বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায়। একটি অংশীদারের ওপর নির্ভর করে চলা সম্ভব নয়—বাংলাদেশ তা বুঝতে পেরেছে। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের হার—এমন রাজনীতি বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার পথ খুঁজতে হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ২৫ (দ্বিতীয় তলা), সড়ক ৫, সেক্টর ৬, উত্তরা, ঢাকা।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs