জয়নুল আবদিন ফারুকের ‘ডাবল হ্যাটট্রিক’ জয় (নোয়াখালী-২ আসন) ইতিহাস গড়লেন এই প্রবীণ নেতা।
দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা,সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে তিনি ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই জয়ের মাধ্যমে তিনি সংসদীয় রাজনীতিতে নিজের ‘ডাবল হ্যাটট্রিক’ পূর্ণ করলেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে জয়নুল আবদিন ফারুক বিপুল ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। ভোটের লড়াইয়ে শুরু থেকেই তিনি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়ে আসছিলেন, যা চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়েছে।
এই ঐতিহাসিক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়নুল আবদিন ফারুক বলেন, “এই বিজয় আমার নয়, এই বিজয় সেনবাগ ও সোনাইমুড়ীর আপামর জনসাধারণের, এই বিজয় আমাদের নেতা তারেক জিয়ার,দীর্ঘ রাজনৈতিক জীবনে তারা আমাকে বারবার ভালোবেসে আগলে রেখেছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই।”
তার এই রেকর্ড জয়ের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেনবাগ ও সোনাইমুড়ী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা একে ‘গণতন্ত্রের বিজয়’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকরা উনার এই বিরল ‘ডাবল হ্যাটট্রিক’ জয়কে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।
উল্লেখ্য, জয়নুল আবদিন ফারুক এর আগেও ৫ বার এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এবারের জয়ে তিনি নোয়াখালীর রাজনীতিতে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

