কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস রোববারের নির্বাচনে সহজ জয় পেয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। নির্বাচনে আগে থেকেই এগিয়ে থাকা নেভেস পেয়েছেন ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট। পশ্চিম আফ্রিকার দ্বীপপুঞ্জের দেশটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য পরিচিত। রাজধানী প্রাইয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় চার লাখ ২০ হাজার।
নির্বাচন পর্যবেক্ষণে পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস), আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।
আটলান্টিক মহাসাগরে সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত কেপ ভার্দে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। দেশটি পর্যটন গন্তব্য হিসেবেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
চলতি বছর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে নকআউট পর্বে ওঠায় দেশটির জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে আলোচনায় আসে। এ ছাড়া হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরী দেশটির উপকূলে নোঙর করলেও তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়।


