মায়ের স্বপ্ন ভাঙার ঈদ। কবিতা। আব্দুর রাজ্জাক রঞ্জু

by protibimbo
০ মন্তব্য ১২ বার পড়া হয়েছে

মায়ের স্বপ্ন ভাঙার ঈদ
আব্দুর রাজ্জাক রঞ্জু

দুদিন পরেই ঈদ যে খোকা
আসবি বাড়ি কবে?
তুই বিহনে ঈদ আনন্দ
আমার মাটি হবে।

লাগবে না তো কিছু আমার
আসিছ খালি হাতেই,
বুকে ফিরে আসলে রে তুই
খুশি আমার তাতেই।

তুই ছাড়া এই ভুবন মাঝে
নেই তো আপন কেউ,
পুরনো সব স্মৃতিগুলো
জাগায় ব্যথার ঢেউ।

Banner

বেঁচে যদি থাকতো রে আজ
তোর আদরের বাবা,
স্বপ্ন ছিল ঈদ আমাদের
কাটতো গিয়ে কাবা।

অধীর হয়ে পথ চেয়ে রই
আয়রে খোকা আয়,
তোর অপেক্ষায় প্রহর গোনে
এই অভাগী মায়।

দিন গেল রাত গভীর হলো
ফিরিস না ক্যান ঘরে?
তোর জন্য পরান আমার
কেমন কেমন করে।

বিষন্ন এই সময়গুলো
কাটছে বড় শোকে,
তোরে পেলে খুশির জোয়ার
বল কে তখন রোখে?

তোর জন্য টুকটুকে বউ
দেখেছি যে খোকা,
আসবি বলে বাহানাতে
দিস না এবার ধোঁকা।

ফোনে হঠাৎ আসা খবর
বুকে দিলো ধাক্কা,
পিষ্ট খোকা– ঘাতক যে ওই
দানব ট্রাকের চাক্কা।

সেই থেকে হায় অভাগিনীর
হাসি-খুশি বন্ধ,
খোকার শোকে কেঁদে কেঁদে
এখন মা যে অন্ধ।
______________
২১-০৩-২৬
[ কবি: সহ-অধ্যাপক মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ বগুড়া ও সভাপতি পুণ্ড্র সাহিত্য সংসদ বগুড়া। ]

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs