বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কবি নাজমুন নেসা পিয়ারি
বার্লিন, জার্মানি
জার্মানির রাজধানী বর্লিন-এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিনালে শুরু হয়েছে ১২ ই ফেব্রুয়ারি —- চলবে ২২শে ফেব্রুয়ারি অবধি। ১১ দিন ব্যাপি বার্লিনের সংসদ ভবন ও ব্রান্ডেনবুর্গ গেটের অদূরে উৎসবস্থল পটসডামার প্লাৎস-এ উৎসবের লাল গালিচা মুখরিত থাকবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নামীদামী অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের পদচারণায়। তাদের দেখবার জন্য, উপচে পরা ভীর জমাতে শুধু জার্মানি নয় জার্মানির বাইরে ইউরোপের নানা দেশ থেকেও ছুটে আসেন সিনেমা প্রেমীরা। এবারের এই উৎসব ৭৬তম। বার্লিনের এই উৎসব শুরু হয়েছিল সেই সময়ে যখন বার্লিন ও জার্মানি বিভক্ত ছিল।
বার্লিনালে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ফেস্টিভ্যালের ডিরেক্টর ট্রিশিয়া টাটেল এবং এবছরের ফেস্টিভেলের জুরি প্রধান বিখ্যাত জার্মান চিত্র পরিচালক ভিম ভ্যানডার্স। আর ফেসটিভেলের উদ্বোধন করা হয় জার্মান-আফগান ছবি “নো গুড ম্যন” দিয়ে। এ ছবির পরিচালিকা আফগান শারবানু সাদ। এ বছর বার্লিনালে উৎসবের অনারারি গোল্ডেন বিয়ার পুরস্কার প্রদান করা হয় এশিয়ার একজন অভিনেত্রীকে। এই পুরস্কারটি বার্লিনালের উদ্বোধনের দিনই বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়। এবার এ পুরস্কার অর্জন করেন মালয়েশিয়ার বিশিষ্ট অভিনেত্রী মিশেলে ইয়হো। বার্লিনালে উৎসবে এই প্রথম একজন এশীয় এই পুরস্কারে ভূষিত হলেন। পুরষ্কার হাতে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বারবারই আবেগপ্রবণ হয়ে অশ্রুসিক্ত হয়ে পরেছিলেন। বলছিলেন “এই প্রাপ্তি মানে আমার অনেক কাজের পরে সমাপ্তি নয় বরং একটা বিরতি — তারপর আবার পূর্ণ উদ্যমে কাজ।” তিনি বিনয়ের সাথে আরো বলেন এশিয়ায় তাঁর মতো অনেক উল্লেখযোগ্য পরিচালক রয়েছেন। বার্লিনে এই উৎসব জার্মানির শীতের মরশুমে কম বেশী তুষারপাতের ভেতরেই উদযাপিত হয়। তবে এবছর ছিল একেবারে ভিন্ন রূপ। ২০২৬–এর শুরু থেকে এ অবধি প্রচন্ড শীতে, তুষারপাতে জর্জরিত ছিল বার্লিন। কয়েকদিন হয় বরফ গলেছে — এবার উৎসবের উদ্বোধন হয় হালকা ঝিরঝিরে বৃষ্টির ভেতর দিয়ে।

