কবি এম এ ওয়াজেদ’র কবিতা: দ্বিতীয় বিদ্রোহী

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

দ্বিতীয় বিদ্রোহী
এম এ ওয়াজেদ

          নজরুল যুগ শেষে
আমি আসিলাম রুদ্র বেশে
অগ্নিবীণার প্রলয় শিখা মোর ঠোঁটে আজ হাসে
                            আমি আসিয়াছি রুদ্র বেশে
আমি অগ্নিবলয় ধ্বংস-প্রলয় আমি আগ্নেয় নিঃশ্বাস
                                      আমি মহাকালের মহাত্রাস
                                       আমার বসনে রক্ত-বাস
আমি আদম নবীর ক্ষমামার্জনার প্রথম অনুভূতি
                               আমি নুহের কিশতির যাত্রী
আমি আলোক বিহারী আঁধার নাশিয়া দূর করি কৃষ্ণ-রাত্রী
আমি ইব্রাহীম নবীর অগ্নি কুণ্ডলী
ফুৎকারে নিভাই আমি পায়েতে দলি
ঝাপটে ধরি আমি নমরুদের গলা করি সংহার প্রাণ
                                   আমার থামিবেনা অভিযান
আমি ভাঙিয়া ফেলি ফাঁসির মঞ্চ খোদার নবী ঈসার
আমি দণ্ডরাজের আদেশ লঙ্ঘি’ দূর করি অমানিশার
                                      আমি আনি মুক্তি- দিশার
আমি ফোরাতের তীরে দাঁড়িয়ে দেখি ফেরাউনের চিৎকার
বিদ্রোহী সাজিয়া চির বন্দী আজ মিশরের যাদুঘর
আহাজারি করে পাপার্ত হাড়েরা করে অহর্নিশ হাহাকার
ভেঙে ফেলি আমি সাদ্দাদের বেহেশত
কঞ্জুস কারুনের প্রমোদময় প্রাসাদ
আমি লাথি মেরে ভাঙি ধরণির যত শোষণের বালাখানা
আমি পুঁজিবাদ গৃহ ভস্ম করি আমি জিবরাইলের ডানা
 আমি আরবী হ্রেষার খুরের দাপটে পিষে মারি বদকার
                                 আমি সাক্ষাৎ ত্রাস সভ্যতার
মম ললাটে শোভা পায় দেখ সৃষ্টির ইতিহাস
আমি চির গৃহহারা বাঁশি আমি স্রষ্টার অভিলাষ
আমি আবু বকরের অসিয়তনামা আমি উমরের ন্যায়দণ্ড
আমি দলে ফেলি যত অপবাদ আমি বধ করি যত ভণ্ড
নিষ্পাপ শহীদ উসমানের আমি কোমলচিত্ত ক্ষমা-বাস
আবু তুরাবের ক্ষিপ্রগতি আমি জুলফিকারের বৈধ ত্রাস
খালিদের আমি বিজয়ী শমসের আবু দুজানার সাহস দিল
আমি মুতার মাঠের জাফর তাইয়ার খণ্ডপ্রলয় অগ্নি-খিল
আমি বেলালী আজানের মধুমাখা সুর নকীব আমি তৌহিদের
আমি দারে আরকামে সাহসিকা বীর নবুয়তী সুধা খাব্বাবের
দারুন নাদওয়ার অভিশাপ গৃহ ভেঙে ফেলি আমি নষ্টামির
করি চণ্ডালে বধ ছুঁড়ে ফেলি আমি শোষণের দ্বার ভণ্ডামির
আমি বদর মাঠের বিজয়ী সেনা মেহমান আমি জান্নাতের
পান করি আমি ঈমানী শরাব আমি ছড়ায় পুষ্প সৌরভের
ওমর খৈয়ামের রুবায়েত আমি কবি আত্তারের সত্য ধ্যান
পুষ্পরেণুর আমি পূর্ণ প্রকাশ ইরানী গোলাপের পুষ্পঘ্রাণ
কবি ইকবালের শিকওয়া আমি শেখ সাদীর আমি গুলিস্তা
আমি সাধক রুমীর মসনবি আমি চির অভীপ্সিত অভীপ্সা
আমি ওয়ালিউল্লার গভীর ধ্যানের বিদ্রোহী চিঠি ভারতের
আমি আলমগীরের দীনবেশী ছায়া মেঘদূত আমি আলোকের
আমি শেখ মুজিবের অমর ভাষণ বৃদ্ধ ভাষানীর কাগমারী ঠোঁট
আমি আলফে সানীর বিদ্রোহী ছায়া আমি রঞ্জিত বালাকোট
আমি নিসার আলীর বাঁশের কেল্লা পলাশীর সিরাজ বীর
আমি পল্লী কবির রাখাল রাজা আমি চির উদ্ধত শির
আমি আল মাহমুদের সোনালী কাবিন ফররুখের সিন্দাবাদ
আমি চির বিদ্রোহের খরস্রোতা নদী চির বিপ্লবী জিন্দাবাদ
আমি নির্ঝরিণী আমি নির্ঝর
আমি স্নিগ্ধ পরশ দীপাধার
আমি আলোকের অভিসার
আঁধার নাশি গন্ধপুষ্প আমি জ্ঞানপবনের জ্ঞানসঞ্চার
আমি ভেঙে ফেলি সব দণ্ডব্যূহ জুলুমের যত রাজদ্বার
                                     আমি- বোধাতীত ব্যতিহার
              আমি চক্রবাত আমি ফণীমনসা
              আমার মৃত্যুক্ষুধা থামেনা সহসা
আমি অগ্নি পরশের দহিত দহন প্রহারক আমি বহ্নিমান
আমি স্বর্ণপ্রসূর স্বর্ণপুষ্প আমি অভিঘাতী আমি অভিজ্ঞান
আমি অমিতাচারী অমিতভাষী অমৃতলহরি চিরহরিৎ চিরচিত্ত
আমি চিরপ্রবাহী হিমরেখা আমি মর্সিয়াগাথা মধুকর সুর নিত্য
আমি ক্রোধানল আমি তুষারঝড় আমি অনিবারিত ভাস্কর
আমি নক্ষত্রবেগ নীহারিকা আমি তূর্যনিনাদ চির ভাস্বর
আমি বাসর রাতের প্রথম প্রিয়ার লাস্যময়ী মুখ সুখ পরশ
আমি চিত্তরঞ্জন চিত্তহারী আমি চিত্তবিমোহন তেজ হরষ
আমি দুরধ্যয় আমি প্রবাল আমি মর্ত্যলোকের নওবাহার
আমি সম্মোহনের সম্রাট আমি সুসারিত চির প্রেম সুসার
আমি কবি সিরাজের অনল প্রবাহ আমি মরুঝড় চিরশ্লাঘ্য
আমি বিরহী সন্ধ্যার বেদনা সঙ্গীত আভাষিত ফুলেল অর্ঘ
আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা অগ্নিগিরির লাভা
আমি ধ্রুববিশ্বাসের মনোহরা পুষ্প চির দীপ্তিমান আভা
আমি নূর হোসেনের রক্ত পোষ্টার শহীদ মিলনের আত্নদান
আমি দলিত দলিল ধরণি বক্ষে আমি দলচ্যুত চির বীক্ষ্যমাণ
আমি বিস্ময়াবহ বিস্ময়চিন্ আমি পুষ্পরসের পুষ্পমাস
প্রসূতির আমি প্রসিত প্রশ্বাস আমি নয়নশোভন সর্বনাশ
আমি নগ্নকান্তির খেজুরবীথিকা তটিনীর আমি কলতান
আমি মূলপুরুষ আমি কিন্নর আমি অজাতশত্রু আফসান
                মজলুমের আমি মুক্তি স্লোগান
               জালিমের আমি ধ্বংস কৃপাণ
আলোর মিছিলে লড়ে যায় একা বিদ্রোহী পতাকার বিপ্লবী
আমি প্রেম কাননের সবুজাভ পাতা আমি দুখহরা প্রেম কবি
                                      আমি বিদ্রোহী ছায়াছবি
আমি অসুর দানবের আলজিহ্বা ধরি’ কেটে ফেলি গ্রাসনালি
আমি যুদ্ধবাজের মিনারে চড়িয়া জোরে মারি হাততালি
                                     আমি সভ্যতার প্রেমডালি
আমি পর্ণমোচীর মর্মর ব্যথা আমি নীপবীথিকার নীলোৎপল
আমি দুগ্নফেননিভ ছন্দস্রোত আমি ছন্নছাড়া চির উচ্ছল
আমি জ্বালিত জ্বালামুখ আমি জ্যোৎস্নালোকিত জ্যোতিষ্মান
আমি কুসুমকাননের কবিবর আমি প্রদীপ শিখা শোভমান
                  আমি মানি নাকো ব্যাকরণ
                  আমি পায়ে দলি বিশেষণ
আমি প্রাণ সঞ্চারী সঞ্চারক আমি মৃত্যুঞ্জয়ী চির বিঘ্নহর
আমি পুষ্পশোভিতা অরণ্যানি আমি প্রভাতী সূর্য স্নিগ্ধকর
আমি ভাষার দাবীতে রাজপথে শহীদ সালাম আমি বরকত
আমি জব্বার আমি শফিউর আমি জগতসভার মিষ্টিবচন
                                 আমি ছন্দপ্রবাহের সৃষ্টিকথন
আমি মধুভাষিনী বাংলাদেশ আমি দীপান্বিতা সব হরকত
                   আমি একাত্তরের মুক্তি কামান
                  আমি অসুর নাশের যুদ্ধ বিমান
আমি তিমির হননের চকিত দামিনী আমি উপপ্লবী বাজপাখি
আমি উপমিত উপমান আমি অশাস্ত্রীয় যৌবনশ্রী প্রেম আঁখি
আমি রজতশুভ্র মুক্তপুরুষ আমি পদলেহনাশী পবনবেগ
 আমি স্বৈরাচারের অর্গল ভাঙি রাজদ্রোহী আমি ঘূর্ণি মেঘ
আমি কৌমুদীবেশী কৌন্তিক আমি আত্নদ্রোহী চির আদিরস
আমি জলসিঞ্চিত মেঘমালা আমি সিঞ্চিত করি আতুরনিবাস
                  বজ্রাঘাত হানি লুটেরা মহলে
                 পরাশ্রয়ী যত পায়ে যায় দলে
আমি অনিয়ম মানা ঊর্মিমালা আমি উৎকলিত কুসুমদাম
উৎপীড়িতের ক্যানভাস আমি আত্নোপম চির ইন্দ্রিয়গ্রাম
               চুষে চুষে খায় অধিকার যারা
               গৃহহীন যারা অধিকার হারা
দলিত মিছিলে রাজপথ কাঁপায় আমি পরোয়া করিনা শোষক
আহাজারি আমি মথিত সত্তার আমি মুকুলিত প্রেম কোরক
রাজসাক্ষী আমি গণকবরের আমি গণহত্যার সমাধি ফলক
জালিমের আমি চির দুশমন আমার চির সুভাষিত অলক
গোলামি নাশের বিষমাখা অসি আমি আজাদির প্রচার বীর
আমি সিরিয়া শিশুর অভিযোগ কণ্ঠ আমি বিধবার অশ্রুনীর
আমি শহীদ সালাহর স্বাধীনতা গান মাতমিত আজ পশ্চিম তীর
 আমি মুক্ত করিব আল আকসা আমি চির মুজাহিদ উচ্চ শির
আমি দুখপলাশের ব্যথিত পরাগ আমি প্রেম কাননের দৃষ্টিসুখ
আমি সুখবিলাসের শ্রথিত মসি আমি নৃত্যপটীয়ান সৃষ্টিমুখ
আমি ব্যথিত ধরার দক্ষিণসমীর আমি প্রভাতী উষার প্রভাকর
আমি অরাতিদমন উল্কাপিণ্ড আমি শোভান্বিত চির শোভাকর
আমি সায়ংকালের সমুদ্রঝড় আমি সুরঞ্জিত সুরভি সুরজ্ঞান
আমি ভাঙিয়া ফেলি হিংস্র হিঞ্জির আমি উল্লাসমুখর সত্যধ্যান
আমি হাস্যমুখর ধবলিত শাখা আমি সম্ভাষিত চির সম্বোধন
আমি আকুলচিত্ত আকুলতা আমি চিত্তশোধন চির আকিঞ্চন
আমি আকাশবিহারী ছায়াপথ আমি কর্মনাশা চির কোপানল
আমি গোধূলিলগ্নের ছন্দপতন আমি ছান্দসিক চির শোভানল
আমি কাঞ্চনবর্ণ হেমমুকুলিকা আমি বেদনানাশী চির হাম্বর
আমি প্রফুল্লচিত্ত প্রস্রবণ আমি অগ্নিপ্রভার অম্বুবাহী অম্বর
               আমি জাতিসংঘের চূড়ায় বসিয়া
                                   নাচি ধ্বংসের নাচ
                আমি রহিত করি ভেটো ক্ষমতা
                     আপাদমস্তক আমি যুদ্ধসাজ
আমি খণ্ডপ্রলয়ের বিভীষিকা আমি বিভাসিত চির যুদ্ধবাজ
আমি বিভূষিত করি বিভক্তি প্রাচীর ভস্মিত করি ধ্বংসদ্বার
ভরা যৌবন আমি হেলাল হাফিজের আমি ক্রোধবহ্নি চক্রধর
আমি অঘটনঘটনপটীয়ান আমি ধ্যানভঙ্গের চির ধ্রুপদি
আমি চমকিত চির চয়িত চয়নিকা আমি জলদমালা জলধি
আমি জলপ্লাবিত জলাধার আমি জলীয় জলার্দ্র জলস্রোত
আমি অশৃঙ্খলিত শৃঙ্খল আমি নক্ষত্রপুঞ্জের পূর্ণগর্ভা পুণ্যব্রত
আমি প্রতিসারিত প্রতিহার আমি মর্মরিত বৃক্ষশাখার ক্রন্দন
আমি ধর্মদ্বেষীর শ্বাসনাশ আমি দৃষ্টিপাতের চির দৃষ্টিনন্দন
আমি দন্তমঞ্জন ঝাঁজালো ঘর্ষণ আমি আবেহায়াতের মিষ্টিজল
আমি আকাশচারী ঊর্ধ্বলোকের আকাঙ্ক্ষিত চির মিষ্টফল
আমি অপ্রণয়ের অপ্রণয়ী আমি অমরাবতীর চির মিষ্ট বীণ
আমি জন্মপত্রিকার অলিখিত সন আমি জন্মতিথির জন্মঋণ
আমি নভোমণ্ডলের নভোরশ্মি আমি নভোনীল নয়নানন্দ
আমি মুক্তিপত্রের মুক্তিসনদ আমি মুক্তকেশী চির মুক্তছন্দ
আমি আম্রমুকুলের মুকুলিত ঘ্রাণ আমি পুষ্পশোভিতা নীপবন
নীলবিদ্রোহের আমি ধ্বংসলীলা আমি দুর্মদ দুর্বার আলিম্পন
আমি ফারাক্কা বাঁধের বিপ্লবী মিছিল
                      আমি চির শ্যামলিত মুক্তমাঠ
আমি কর্নেল ওসমানীর বিদ্রোহী সাহস
                     আমি মেজর জিয়ার স্বাধীনতা পাঠ
আমি সাফ করি যত জঞ্জাল
আমি দূর করি যত অনিয়ম আমি বধ করি যত চণ্ডাল
আমি ব্যথিত বিশ্বের দলিত গায়ক শান্তিবাদের মিষ্টিসুর
আমি আনিব বিশ্বে সৃষ্টি পরশ ভাঙিয়া ফেলিব যত মিথ্যাপুর
আমি তমসিত ধরার আগমনী গান জাগরণী গান প্রভাতের
আমি কৃষ্ণতিথির গৌরবহানি আমি চির জাগর্তি গ্রহমণ্ডলের
আমি জাতকুল নাশা ঝরনাকলম আমি দর্পহারী চির ডাস্টার
আমি দ্যোতিত দ্রষ্টা ভাঙিয়া ফেলি কঞ্জুসের শোষণ ভান্ডার
আমি মধুমক্ষিকার পুষ্পরসের মধুসুখ চির অশান্ত বিঘ্নকর
আমি বিচূর্ণিত কোলাহল আমি বিঘ্নবিনাশন চির বিঘ্নহর
আমি শ্রবণবিবরের শ্যেনদৃষ্টি আমি জননীর চির মায়াডোর
আমি সাঁজোয়া যানে রক্ষিত কামান আনিব বিশ্বে শান্তিভোর
আমি হামানদিস্তার তীক্ষ্ণ ফলা ভেঙে ফেলি শোষণ পিরামিড
হারক আমি সামন্তবাদের আমি চির বিদ্রোহী প্রেম পুণ্ডরীক
আমি পুণ্যশ্লোকের ছন্দবিন্যাস আমি গর্বোদ্ধত গিরিশৃঙ্গ
 আমি মুক্ত বলাকা বিপ্লব পুরুষ আমি জালিমের ধ্যানভঙ্গ
                       আমি কলকল ধ্বনি তটিনীর
                       ভাঙি দাসত্ব শৃঙ্খল বন্দিনীর ;
আমি দারুপিপীলিকা নিঃশেষ করি ধনলোভীর যত ধনাগার
আমি তটাঘাত হানি’ তঞ্চক গালে ভেঙে ফেলি তার ভগ্নদ্বার
মিথ্যা স্বীকারোক্তির এজলাস ভাঙি করি আত্নপূজার বংশনাশ
করি ভ্রমনিরসন আনিয়া ইনসাফ সভ্যতার আমি সাক্ষাৎ ত্রাস
                      স্বৈরাচারের কঠিন প্রাচীর
                       ভাঙিয়া ফেলি করি চৌচির ;
আমি বিদ্রোহী মুখ শিশু আয়লানের সভ্যতার আমি বজ্রবাণ
আমি দমিত আফ্রিকার বধ্যভূমির স্রাবিত শিশুর মুখব্যাদান
                        আমি সভ্যতার স্মরণিকা
                        আমি তমোহর রাজটিকা ;
আমি সুমনোহর মরূদ্যান আমি স্রোতস্বিনীর জলোচ্ছ্বাস
আমি সুরেলা বীণের ললিত সুলতান আনিব বিশ্বে শান্তিবাস
                               আমি চির বিদ্রোহী মুক্ত-শ্বাস

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

ফেসবুকে আমরা

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs