জুলাই আন্দোলনকে ‘নারকীয় সন্ত্রাস’ আখ্যা দিয়েছিল আওয়ামী অ্যাক্টিভিস্ট সাংবাদিক আনিস আলমগীর। ২০২৪ সালে ২৪ জুলাই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন নিয়ে এমন বিরূপ মন্তব্য করেছিলেন।
ওই স্ট্যাটাসে আনিস আলমগীর লিখেছিলেন, ‘সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করে বিএনপি-জামাত প্রমাণ দিয়েছে, রাষ্ট্র পরিচালনায় তারা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেনি।’
ছাত্র-জনতার জুলাই আন্দোলনকে তিনি ‘নারকীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তিনি আরও লিখিছিলেন, ‘নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে তারা বরং শেখ হাসিনার শাসনের প্রয়োজনীয়তা জনগণকে বুঝিয়ে দিয়েছে।’
উল্লেখ্য, সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

